
ঢাকা, ২৭ জুন – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ছয়টি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৮৯ জন শিশু। এর মধ্যে ৪৫ শিশুর শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মৃত ছয় শিশুর মধ্যে চারজনই ময়মনসিংহের বাসিন্দা। এছাড়া ঢাকা ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ৬১৫ জন এবং সরাসরি হাম শনাক্ত হওয়ার পর ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ এই সময়ে সর্বমোট ৭০৮ জন শিশু প্রাণ হারিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৯৮ হাজার ২৬৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। অন্যদিকে সরাসরি হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৪ জন শিশুর শরীরে। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯ হাজার ৮৬০ জনে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৮ হাজার ২৮৭ জন।
হাসপাতালে ভর্তির তথ্য বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সময়ে হামের উপসর্গ নিয়ে ২২ হাজার ৪৪২ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১৯ হাজার ১৮ জন শিশু ইতোমধ্যেই বাড়ি ফিরে গেছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে মোট ৪ হাজার ৬৯৩ জন শিশুর শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
এনএন/ ২৭ জুন ২০২৬





