
বৈরুত, ১৫ জুন – দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো হামলায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নতুন চুক্তিতে লেবাননে সামরিক অভিযান বন্ধের শর্ত রয়েছে বলে তেহরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হলেও তা উপেক্ষা করেই এই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
লেবাননের সরকারি সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সোমবার এই তথ্য নিশ্চিত করেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ লেবাননের খিয়াম শহরে দুটি পৃথক বিমান হামলা চালানো হয়েছে।
এছাড়া কাফার তিবনিত অঞ্চলে একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাশাপাশি কাফার তিবনিত ও নাবাতিহ আল-ফাওকা এলাকায় ইসরায়েলি সেনারা ব্যাপক গোলন্দাজ ও কামান থেকে চর্তুমুখী শেলবর্ষণ করেছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর টায়ারের দিকে চলে যাওয়া হারিস-তিবনিক সড়কে ইসরায়েলি সেনারা রিমোট কন্ট্রোলের সাহায্যে একটি বিস্ফোরক বোঝাই এম১১৩ সাঁজোয়া যানের বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
কয়েক মাস ধরেই দক্ষিণ লেবাননের পরিস্থিতি অস্থিতিশীল থাকলেও সাম্প্রতিক এই হামলাগুলো সেই উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে যুদ্ধকবলিত এলাকার বেসামরিক মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
এস এম/ ১৫ জুন ২০২৬





