দক্ষতাভিত্তিক শিক্ষার সম্প্রসারণে গুরুত্বারোপ করা হচ্ছে : ববি হাজ্জাজ | চ্যানেল আই অনলাইন

দক্ষতাভিত্তিক শিক্ষার সম্প্রসারণে গুরুত্বারোপ করা হচ্ছে : ববি হাজ্জাজ | চ্যানেল আই অনলাইন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার গুণগতমান বৃদ্ধির পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, এ ধরনের শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে সহায়ক হবে। একই সঙ্গে মাঠপর্যায়ে কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে দক্ষতা উন্নয়নকে শিক্ষার মূল রূপকল্প হিসেবে নির্ধারণ করেছেন, যা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি উল্লেখ করেন, ব্যুরোর উদ্দেশ্য হলো শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা এবং সবার জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ নিশ্চিত করা। ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা একটি কার্যকর পথ বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে উপানুষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও বিস্তৃত ও মানসম্মত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রতিমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top