দিনাজপুরের বিরল উপজেলায় এক তালাকপ্রাপ্ত নারীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া সুতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) উপজেলার বিজোড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত মাহবুবুর রহমান (৫১) রংপুরের কোতোয়ালি থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি বিরল উপজেলার দোগাছী (বুধারপাড়া) গ্রামে বসবাস করছিলেন।
পরিবারের সদস্যরা জানান, শ্যামলী ও মাহবুবুর রহমানের সংসারে দুটি সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে প্রায় দুই মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
অভিযোগ অনুযায়ী, শনিবার গভীর রাতে মাহবুবুর রহমান জোরপূর্বক শ্যামলীর বাবার বাড়িতে প্রবেশ করেন। এ সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তিনি প্রথমে শ্যামলীকে ছুরিকাঘাত করেন। পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
শ্যামলীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। গুরুতর দগ্ধ অবস্থায় শ্যামলীকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়।
বিরল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আনিছুর রহমান জানান, ঘটনার পর রাতেই অভিযুক্ত মাহবুবুর রহমানকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





