
তেল আবিব, ২ আগস্ট – ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন যে তিনি পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হলে কাতারকে আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করবেন। বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে কাতারকে তিনি ইরানের চেয়েও বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বেনেট এই কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, কাতারকে এখন পর্যন্ত শত্রু রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত না করা তেল আবিবের জন্য একটি অমার্জনীয় ভুল।
বেনেটের দাবি অনুযায়ী, ইরান প্রকাশ্যেই ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিলেও কাতার পর্দার আড়ালে থেকে অধিক ক্ষতিকর ভূমিকা পালন করছে। তিনি অভিযোগ করেন যে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে পরিচালিত হামলার প্রধান অর্থদাতা ছিল কাতার।
এছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী প্রচারণা চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে বিপুল অর্থ বিনিয়োগ করে কাতার সেখানে প্রভাব বিস্তার করছে বলে বেনেট দাবি করেন।
এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত কাতারের প্রভাব পৌঁছে গেছে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। বেনেটের মতে, কাতার সরাসরি যুদ্ধে না জড়িয়েও কৌশলে ইসরায়েলকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এস এম/ ২ আগস্ট ২০২৬






