
ঢাকা, ১৫ জুন – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গত ৫৩ বছর ধরে বাংলাদেশের ওপর যে নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়া হয়েছিল, চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ তা থেকে মুক্তি পেয়েছে। এখন একটি স্বাধীন পররাষ্ট্রনীতি ও সার্বভৌমত্বের স্বপ্ন দেখছে এ দেশের জনগণ।
তিনি অভিযোগ করেন, তারেক রহমান যদি সেই পুরনো পথ ধরে ভারতকে তুষ্ট করার চেষ্টা করেন, তবে জনগণ তা সফল হতে দেবে না।
সোমবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ পুশইন, সীমান্ত হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী সতর্ক করে বলেন, বিএনপি ও তারেক রহমানকে স্পষ্ট বার্তা দিতে চাই যে দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী আদর্শের পুনরুত্থান হতে দেবে না। যারা জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।
বর্তমান সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, সীমান্তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সম্মানের সঙ্গে পদত্যাগ করুন। অন্যথায় দেশের মানুষ আপনাদের পদত্যাগে বাধ্য করবে।
তিনি আরও উল্লেখ করেন, পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাবশালী অবস্থানে থাকলেও সীমান্তে হত্যাকাণ্ড ও পুশইন বন্ধে নীরব ভূমিকা পালন করছেন। সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে না বলে তিনি তার বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এনএন/ ১৫ জুন ২০২৬






