তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান | চ্যানেল আই অনলাইন

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান | চ্যানেল আই অনলাইন

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন অঙ্গনের তারকাদের উপস্থিতি ও পরিবেশনায় জমে ওঠে ফাইনালের উদ্বোধনী আয়োজন।

সমাপনী অনুষ্ঠানের সূচনা করেন জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। রঙিন ট্র্যাকস্যুট পরা নৃত্যশিল্পী ও ড্রামারদের সঙ্গে মাঠে নেমে পরিবেশনা করেন তিনি। এরপর মঞ্চ মাতান মার্কিন র‍্যাপার ও গায়ক পোস্ট ম্যালোন। তিনি পরিবেশন করেন তার জনপ্রিয় গান ‘ওয়াও’।

ফাইনাল দেখতে নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে ৮০ হাজারের বেশি দর্শক, বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ও তারকাদের উপস্থিতি ছিল। তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও।

কিক-অফের আগে বহু পুরস্কারজয়ী মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার হাডসন লাইভ ব্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর মঞ্চে ওঠেন ব্রিটিশ গায়ক রবি উইলিয়ামস, ইতালীয় তারকা লরা পাওসিনি এবং মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার।

অনুষ্ঠান শেষে মাঠে এসে বিশ্বকাপ ফাইনালের আনুষ্ঠানিক সূচনা করেন হলিউড অভিনেতা টম ক্রুজ। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে আমরা অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়েছি এবং আনন্দ ভাগাভাগি করেছি। ফুটবল এমন একটি ভাষা, যার কোন শব্দের প্রয়োজন হয় না। এটি মানুষকে একত্রিত করার এক অসাধারণ শক্তি।’

ব্রিটিশ গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে লরা পাওসিনি বলেছেন, ‘রবি উইলিয়ামসের আমন্ত্রণে তার সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়ে তিনি ভীষণ রোমাঞ্চিত। রবি আমার প্রিয় গায়ক, গীতিকার ও পারফর্মারদের একজন। তার আমন্ত্রণ পাওয়ার পর আমার শরীরজুড়ে শিহরণ বয়ে গিয়েছিল।’

হাফটাইমেও থাকছে তারকাবহুল আয়োজন। ফিফার পরিকল্পনা অনুযায়ী সুপার বোলের আদলে ১১ মিনিটের বিশেষ শোতে অংশ নেবেন ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা ও সাউথ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।

কলম্বিয়ার পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়ও আবারও একই মঞ্চে পারফর্ম করবেন। মেক্সিকো সিটিতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও তারা একসঙ্গে গান গেয়েছিলেন। তাদের যৌথ গান ‘দাই দাই’ টুর্নামেন্টজুড়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে এবং বিভিন্ন স্টেডিয়ামে বাজানো হয়েছে।

তিন বছরের বিরতির পর বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করে সম্প্রতি সংগীতাঙ্গনে ফেরা বিটিএসও হাফটাইম শোতে অংশ নিচ্ছে। বর্তমানে ৮৫টি কনসার্ট নিয়ে বিশ্ব সফরে রয়েছে সাউথ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ড।

ফিফা জানিয়েছে, হাফটাইম বিরতি হবে প্রায় ২০ থেকে ২৫ মিনিট। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষ পরিবেশনার মাধ্যমে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য অর্থ সংগ্রহ করা হবে। বিশ্বের শিশুদের শিক্ষার জন্য গঠিত এই তহবিলে ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Scroll to Top