বিশ্বকাপ ফুটবল মানেই উত্তেজনা, আর সেটা যদি হয় ফাইনাল- তাহলে তো কথাই নেই! ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালের সমাপনী আয়োজন পুরো তারকাময়! কে নেই তাতে। পারফর্মারের তালিকায় যেমন জেনিফার হাডসন থেকে শুরু করে ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা এবং কে-পপ ব্যান্ড বিটিএস ছিলো; তেমনি দর্শক সারিও যেন পরিণত হয়েছে তারকাদের মিলন মেলায়!
এরমধ্যে আলাদা করে নজর কাড়লেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। তারকাময় আবহকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যান ‘মিশন ইম্পসিবল’ খ্যাত এই হলিউড সুপারস্টার!
স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ শুরুর ঠিক আগে তার কণ্ঠে শোনা গেল ফুটবল, মানবতা ও বৈশ্বিক ঐক্যের এক আবেগঘন বার্তা।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মেটলাইফ স্টেডিয়ামে হচ্ছে ফাইনাল ম্যাচ। সমাপনী দিনের পরিবেশনায় টম ক্রুজের বর্ণনায় ফুটবলের মহাকাব্য মুগ্ধ করেছে বিশ্ব ফুটবলের সমর্থকদের। সিনেমাটিক কণ্ঠে তিনি স্মরণ করিয়ে দেন বিশ্বকাপের ৩৯ দিনের যাত্রা- যেখানে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে ফুটবল এক করেছে নানা ভাষা, সংস্কৃতি ও সীমান্তের মানুষকে।
বক্তৃতার শুরুতেই তিনি বলেন, “৩৯ দিন আগে তারা যাত্রা শুরু করেছিল। তারা পাড়ি দিয়েছে মহাসাগর, অতিক্রম করেছে সীমান্ত, ছুঁয়ে গেছে নানা সংস্কৃতি। আর একসঙ্গে তারা আমাদের দেখিয়েছে, কেন এই খেলাটি পুরো বিশ্বের।”
তার এই কথার সঙ্গে তাল মিলিয়ে মাঠে প্রবেশ করেন অংশগ্রহণকারী সব দেশের পতাকাবাহী শিল্পীরা, যা পুরো পরিবেশনাকে আরও আবেগময় করে তোলে।
এরপর ফুটবলের সার্বজনীন শক্তির কথা তুলে ধরে টম ক্রুজ বলেন, “ফুটবল এমন একটি ভাষা, যার জন্য শব্দের প্রয়োজন হয় না। এটি এমন এক শক্তি, যা মানুষকে একত্রিত করে, অপরিচিতদের বন্ধুতে পরিণত করে এবং আমাদের মনে করিয়ে দেয় আমাদের একাত্বতাই সবচেয়ে বড় পরিচয়।”
তার বক্তব্যে শুধু দুই ফাইনালিস্ট স্পেন ও আর্জেন্টিনাই নয়, সম্মান জানানো হয় বিশ্বকাপের প্রতিটি অংশগ্রহণকারী, খেলোয়াড়, স্বেচ্ছাসেবক এবং বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা কোটি কোটি সমর্থককে। ফুটবলকে তিনি তুলে ধরেন মানবিক সংযোগ, স্বপ্ন আর আশার প্রতীক হিসেবে।
বক্তৃতার শেষ মুহূর্তেও ছিল একই রকম আবেগঘন আবেদন। টম ক্রুজ ঘোষণা করেন, “এটাই ফুটবল। এটাই ঐক্য। আর এটাই… মহত্ত্ব। চলুন আমরা একে অপরকে উদযাপন করি।”


