ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে | চ্যানেল আই অনলাইন

ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে।

আজ ২২ নভেম্বর শনিবার দিনের প্রথমার্ধে ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পরে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হবে।

দ্বিপাক্ষিক বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, কৃষি, জ্বালানি, বিদ্যুৎ, যোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, টেলিযোগাযোগ, শিল্প, যুব ও ক্রীড়াসহ বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ রাতে ভুটানের প্রধানমন্ত্রী এবং তার প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হবে। সেখানে তিনি অংশগ্রহণ করবেন। ২৩ নভেম্বর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশ সরকারের কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।

Scroll to Top