
বিশ্বকাপ-পরবর্তী প্রথম মিশনে দলে একগাদা পরিবর্তন এনেছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। এক বছরের বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের রাইট-ব্যাক ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।
এবারের ফিফা উইন্ডোতে চারটি নেশনস লিগের ম্যাচ খেলবে ইংল্যান্ড। আগামী ২৬ সেপ্টেম্বর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। পরে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র ও ক্রোয়েশিয়ার। সেই লক্ষ্যে বিশ্বকাপের দল থেকে ১০টি পরিবর্তন এনে স্কোয়াড ঘোষণা করেছেন টুখেল।
এবারও টুখেলের দলে জায়গা হয়নি ফিল ফোডেনের। বাদ পড়েছেন মর্গান গিবস-হোয়াইট ও অ্যাডাম হোয়াইটনও। বিশ্বকাপের দলে থাকা ওলি ওয়াটকিনস, ইভান টনি ও ননি মাদুয়েকে বাদ পড়েছেন। চোটের কারণে নেই রিস জেমস, জন স্টোনস, ডিজেড স্পেন্স, ড্যান বার্ন, জর্ডান হেন্ডারসন, বেন হোয়াইট ও ডিন হেন্ডারসন।
২০২৫ সালের গ্রীষ্মে লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর জাতীয় দলে জায়গা হারান অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। গত বছরের জুনে অ্যান্ডোরার বিপক্ষে সর্বশেষ ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন তিনি। এবার দীর্ঘ বিরতির পর ফিরলেন ৩৪ ম্যাচের আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন এই ডিফেন্ডার।
দলে ফিরেছেন চেলসির কোল পামার ও নিউক্যাসলের লুইস হলও। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ব্রাইটনের গোলরক্ষক জেসন স্টিল ও বোর্নমাউথের মিডফিল্ডার অ্যালেক্স স্কট।
স্পেনের বিপক্ষে ম্যাচের পর চেক প্রজাতন্ত্র ও ক্রোয়েশিয়ার মাঠে খেলবে ইংল্যান্ড। এরপর ঘরের মাঠে আবার চেকিয়ার মুখোমুখি হবে তারা।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…