ড্রিসকল এ সপ্তাহেই কিয়েভ আসবেন বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এদিকে শান্তি পরিকল্পনার খসড়ায় যে পরিবর্তন আনা হচ্ছে, তা নিয়ে রাশিয়ার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি জানিয়ে ক্রেমলিন সতর্ক করে বলেছে, গত সপ্তাহের পরিকল্পনায় যে সংশোধনী আনা হচ্ছে, তা তারা মেনে না–ও নিতে পারে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সতর্ক করে বলেন, মস্কো যুক্তরাষ্ট্রের করা মূল শান্তি পরিকল্পনায় সমর্থন দিয়েছে। এখন যদি সেখানে মৌলিক পরিবর্তন আনা হয় তবে পরিস্থিতি ‘ভিত্তিগতভাবেই ভিন্ন’ হবে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ক্রেমলিন নতুন পরিকল্পনার (সংশোধিত পরিকল্পনার) কোনো অনুলিপি পায়নি বলেও জানান লাভরভ। তিনি ইউরোপের বিরুদ্ধে মার্কিন শান্তি চেষ্টাকে দুর্বল করে দেওয়ার অভিযোগও করেছেন।

