টেকনাফের হাবিরছড়ার পাহাড়ি এলাকাটিতে সক্রিয় রয়েছে কয়েকটি সন্ত্রাসী দল। এসব দলের সদস্যদের বিরুদ্ধে মাদক ও মানব পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সঙ্গেও জড়িত এসব চক্র।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধারণা, পাহাড়ে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মাধ্যমে মিয়ানমার থেকে চোরাইপথে এসব বিস্ফোরক ও অস্ত্র-গুলি আনা হয়েছে। হাবিরছড়া থেকে পরে এসব বিস্ফোরক সরঞ্জাম অন্য কোথাও পাঠানো হতো।
অভিযানের বিষয়ে গতকাল রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন। এতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, এসব বিস্ফোরক টেকনাফ থেকে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। হাবিরছড়া এলাকায় হয়তো হাতবদল হতো। তবে তদন্তের পর বিস্ফোরক ও অস্ত্র-গুলির গন্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, উদ্ধার হওয়া অস্ত্র-বিস্ফোরক যে চালানের পুরো অংশ তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। চালানের আরও অংশ থাকতে পারে। এসব কারা নিয়ে এসেছে, এর নেপথ্যে কারা—অনুসন্ধান করা হচ্ছে। ইতিমধ্যে জব্দ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জামগুলো এসআরবির বিশেষ দল দেখে গেছেন, পুলিশ-সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ হয়েছে। এ নিয়ে তদন্ত হচ্ছে।

