মেয়েদের অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ ফুটবলে প্রথমবার খেলতে এসে হারের বৃত্তে ঘুরেছে বাংলাদেশ। গ্রুপপর্বের তিন ম্যাচেই প্রথমার্ধে প্রতিপক্ষকে আটকে রেখে দ্বিতীয়ার্ধে গোল হজম করছে পিটার বাটলারের শিষ্যরা। তৃতীয় ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। টানা তিন ম্যাচ হেরে আসর শেষ হয়ে গেছে।
প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শেষ ১০ মিনিটে তিন গোল হজম করে ৩-২এ হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে চীনের বিপক্ষে গোলশূন্য ড্র রেখে বিরতিতে যায়, পরে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি আফিদা-সাগরিকারা। ২-০ গোলে হারতে হয়ে বাংলাদেশের মেয়েদের।
মঙ্গলবার থাইল্যান্ডের ননথাবুরি প্রাদেশিক স্টেডিয়ামে গ্রুপপর্বে তৃতীয় ম্যাচে প্রথমার্ধে গত দুই ম্যাচের মতো অসাধারণ রক্ষণ সামলেছে বাংলাদেশ। প্রতিবারের মতো কিছু দুর্দান্ত সেভ করেন গোলরক্ষক মিলি আক্তার। ম্যাচজুড়ে ১০টি শট নেয় ভিয়েতনাম, ১টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে একটি শট নেয় বাংলাদেশ, যেটি লক্ষ্য বরাবর ছিল। ৪৭ শতাংশ বল দখলে রেখেছিলেন আফঈদা-সাগরিকারা।
ম্যাচের প্রথম থেকেই আক্রমণ করে ভিয়েতনাম। বাংলাদেশের জালে বল জড়াতে ব্যর্থ হয় তারা। দ্বিতীয়ার্ধের শুরুর তিন মিনিটের মাথায় গোল হজম করে বাংলাদেশ। মিলির হাত থেকে ফসকে যাওয়া বল জালে জড়ান থি থুয়ে লিনহ নগুয়েন।
তিন গ্রুপ থেকে শীর্ষ ও দ্বিতীয়ের পর পয়েন্টে এগিয়ে থাকা দুই গ্রুপের সেরা তৃতীয় দলটিও কোয়ার্টার ফাইনালের টিকিট কাটবে। বাংলাদেশের হাতে সেই সুযোগ থাকলেও এই হারের পর সে স্থানে থেকে পরের রাউন্ড ধূসর, আর ইতিমধ্যে এক পা দিয়ে রেখেছে ভিয়েতনাম।


