
ঢাকা, ১৭ এপ্রিল – সারা দেশে দায়িত্ব পালনকালে জ্বালানি সংকট ও পাম্পগুলোতে দীর্ঘ লাইনের কারণে পুলিশ সদস্যরা নানা ভোগান্তিতে পড়ছেন। এই সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে পাম্পগুলোতে পুলিশের জন্য পৃথক লাইন বা অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে যে এতে পুলিশের টহল, জরুরি অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে গতি আসবে এবং জনসেবা আরও কার্যকর হবে।
গত শুক্রবার পুলিশের মহাপরিদর্শক বরাবর পাঠানো এক চিঠিতে এই দাবি জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু।
চিঠিতে উল্লেখ করা হয় যে দেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে পুলিশ অন্যতম জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের জন্য প্রায়ই ব্যক্তিগত মোটরসাইকেল বা সরকারি যানবাহন ব্যবহার করতে হয়। কিন্তু বর্তমানে পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে করে পুলিশের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং জরুরি অপারেশন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে আসামি গ্রেপ্তার, দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো কিংবা জরুরি টহলে বিলম্ব ঘটছে।
অনেক সময় লাইনের বাইরে গিয়ে তেল নিতে গেলে জনঅসন্তোষ কিংবা ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মতো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে পুলিশ সদস্যদের। এই বাস্তবতায় জনস্বার্থে এবং জরুরি সেবার মান বজায় রাখতে দেশের সকল সরকারি ও বেসরকারি জ্বালানি পাম্পে পুলিশ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে পৃথক বুথ বা লাইনের ব্যবস্থা করতে আইজিপির হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এনএন/ ১৭ এপ্রিল ২০২৬






