ভোলার মনপুরা উপজেলার ষাট কলোনিতে জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। মুহূর্তেই তলিয়ে গেছে অসংখ্য বসতঘর। নিরাপদ আশ্রয়ের অভাবে অনেক পরিবার ঘরের টিনের চালেই দিন-রাত কাটাচ্ছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কলোনির ভেতর জোয়ারের পানি প্রবেশ করলে এসব চিত্র দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, চারদিকে শুধু পানি আর পানি। খাবার, বিশুদ্ধ পানীয় জল ও প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকটে মানবেতর জীবনযাপন করছেন স্থানীয় বাসিন্দারা। শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
দুর্গত মানুষের আকুতি— ‘‘আমাদের বাঁচান, দ্রুত ত্রাণ ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করুন।’’
আরও দেখা গেছে, উপজেলার মনপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্বপাশে ষাট কলোনির বাসিন্দারা বুক পরিমাণ পানিতে ভাসছে। ঘর ছেড়ে বাসিন্দারা পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। একই অবস্থা রামনেওয়াজ লঞ্চঘাট, তুলাতলী ও বিচ্ছিন্ন চরকতালীর বাসিন্দাদের।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি মাসে ১৫ দিন তারা জোয়ারের পানিতে ভাসে। এতে তাদের দুর্ভোগের শেষ নাই। তারা অভিযোগ করেন, পাউবোর নতুন বেড়িবাঁধের ঠিকাদার পুরোনো বেড়িবাঁধটি কেটে দেওয়ায় এ দুর্ভোগে পড়েছেন তারা।
অন্যদিকে, দুপুরে রামনেওয়াজ লঞ্চঘাট ও তুলাতলী এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া কলাতলী ইউনিয়নের বেশিরভাগ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকোশলী মো. আসাফউদ্দৌলা জানান, জোয়ারের পানি বিপৎসীমার নিচে রয়েছে। আবাসন প্রকল্পের ঘরে জোয়ারের পানি যাতে না ঢুকে সেই ব্যবস্থা করা হবে।


