
বরিশাল, ১৮ জুলাই – গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার পতনের লক্ষ্যে বৃহত্তর গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমানে বরিশালে যে আন্দোলন শুরু হয়েছে তা দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে এবং শেষ পর্যায়ে ঢাকায় এক বিশাল মহাসমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও কার্যত তিনি জনগণের সঙ্গে ছলনা করছেন।
গণভোটে সত্তর শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে তিনি দাবি করেন।
সমাবেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবি জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।
সরকার যদি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না করে তবে হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে তারা বাধ্য হবেন।
সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ জোটভুক্ত দলগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এবং জনদুর্ভোগ কমাতে সরকারকে অবিলম্বে জনরায় মেনে নেওয়ার আহ্বান জানান।
এনএন/ ১৮ জুলাই ২০২৬





