চ্যাম্পিয়ন-রানার্সআপের প্রাইজমানি বাড়ল, প্লে-অফে উঠলেও মিলবে অর্থ | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন-রানার্সআপের প্রাইজমানি বাড়ল, প্লে-অফে উঠলেও মিলবে অর্থ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আসরের শেষধাপে বিপিএলের প্রাইজমানি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাড়ানো হয়েছে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রাইজমানি। প্রথমবারের মতো প্লে-অফে ওঠা দলও পাবে অর্থ পুরস্কার।

মঙ্গলবার প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। বিপিএলের চলতি আসরে চ্যাম্পিয়ন দল ২ কোটি ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। আগে যা ছিল ২ কোটি টাকা। রানার্সআপ দল ১ কোটি ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। আগে রানার্সআপ দল প্রাইজমানি পেত ১ কোটি টাকা।

প্লে-অফে ওঠা বাকি দুটি দলকেও প্রাইজমানি দেবে বিসিবি। অতীতে তৃতীয় ও চতুর্থ স্থানের অধিকারী দলের জন্য কোনো অর্থ পুরস্কার ছিল না। এবছর সেরা চারে যেতে পারলে মিলবে প্রাইজমানি। তৃতীয় হওয়া দল পাবে ৬০ লাখ টাকা। অর্থাৎ, দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে যারা ফাইনালে উঠতে ব্যর্থ হবে। আর এলিমিনেটর ম্যাচ হেরে চতুর্থ স্থান অর্জন করা দল পাবে ৪০ লাখ টাকা।

আসরে লিগপর্বের আরও ছয়টি ম্যাচ বাকি আছে। ইতিমধ্যে প্লে-অফ নিশ্চিত হয়েছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের। শেষ চারের দৌড়ে আছে চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস। প্লে-অফের লড়াই শুরু হবে ৩ ফেব্রুয়ারি। এদিন এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ গড়াবে। ৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল গড়াবে ৭ ফেব্রুয়ারি।

GOVT

Scroll to Top