
চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে হার মানলেন মার্ক উড। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইংল্যান্ডের গতিতারকা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশিত এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন ৩৬ বর্ষী পেসার।
গত বছরের নভেম্বরে পার্থে অ্যাশেজ টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন তিনি। এরপর ফের চোটে পড়েন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী টেস্ট ও ৫০ ওভারের ক্রিকেটে আর ফেরার সুযোগ নেই। শেষ পর্যন্ত সেই বাস্তবতাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে তাকে।
অবসরের ঘোষণা দিয়ে উড বলেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গত এক বছরে যা হয়েছে, তাতে হয়তো এটি খুব একটা বিস্ময়ের নয়। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময়ে এটাকেই স্বাভাবিক সিদ্ধান্ত মনে হচ্ছে।’
‘সবসময় চোট থেকে ফিরে এসে মানুষকে ভুল প্রমাণ করতে এবং আমি কী করতে পারি, তা দেখাতে চেয়েছি। দুর্ভাগ্যজনকভাবে এবার আমি লড়াইটা হেরে গেছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী টেস্ট ও ৫০ ওভারের ক্রিকেট আর সম্ভব নয়। গত এক বছরে ধীরে ধীরে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্নটা আমার কাছ থেকে দূরে সরে গেছে।’
ইংল্যান্ডের হয়ে খেলাকে নিজের জীবনের সবচেয়ে বড় সম্মান ও স্বপ্নপূরণ হিসেবে উল্লেখ করেছেন উড। বলেছেন, ‘ইংল্যান্ডের হয়ে খেলা আমার জন্য সবচেয়ে বড় সম্মান এবং স্বপ্নপূরণের মতো ছিল। আমার ছোটবেলার সেই ছেলেটা নিশ্চয়ই গর্বিত হতো, এতটা সময় ইংল্যান্ডের হয়ে খেলতে পেরেছি বলে। সারা বিশ্ব ভ্রমণ, অসাধারণ মানুষের সঙ্গে দেখা এবং সেরাদের বিপক্ষে খেলা-এমন কিছু করতে পেরে নিজেকে অবিশ্বাস্যভাবে ভাগ্যবান মনে হচ্ছে।’
২০১৫ সালে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ইংল্যান্ডের হয়ে ৩৮ টেস্টে ১১৯ উইকেট নিয়েছেন উড। ওয়ানডেতে ৭০ ম্যাচে নিয়েছেন ৮০ উইকেট। আর ৩৮ টি-টুয়েন্টিতে নিয়েছেন ৫৪ উইকেট। ইংল্যান্ডের হয়ে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন ডানহাতি পেসার।
উডের ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায় ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। ঘরের মাঠে ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। সেই আসরে ১৮ উইকেট নেন। তিন বছর পর ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপেও ইংল্যান্ডের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন উড। অস্ট্রেলিয়ায় গড়ানো টুর্নামেন্টে চার ম্যাচে ৯ উইকেট নেন।
অ্যাশেজেও উডের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। ২০১৫ সালে নিজের প্রথম অ্যাশেজ সিরিজে ট্রেন্ট ব্রিজ টেস্টে ইংল্যান্ডের সিরিজ জয় নিশ্চিত করা উইকেটটি নিয়েছিলেন তিনি।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


