চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় দুর্বৃত্তের গুলিতে রাজু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোছাম্মৎ রেশমি আক্তার (১১) নামে এক পথচারী শিশুও গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার (৭ মে) রাত সাড়ে ১০ টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার শহীদ মিনার কলোনিতে এ ঘটনা ঘটে। আহত রেশমি স্থানীয় বাসিন্দা রিয়াজ আহমেদের মেয়ে। তবে নিহত রাজুর বাড়ি রাউজানে / স্থানীয়দের ভাষ্য, তিনি বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার পর একদল দুর্বৃত্ত শহীদ মিনার কলোনির প্রবেশমুখে এসে রাজুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় শিশু রেশমিও গুলিবিদ্ধ হয়। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত শিশুর বড় ভাই আহমেদ জানান, তার বোন দোকানে যাওয়ার পথে গোলাগুলির মধ্যে পড়ে যায়। একটি গুলি রেশমির চোখে লাগে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রথমে ২ নম্বর ওয়ার্ডে এবং পরে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত রাজুর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।





