কূটনৈতিক ব্যর্থতায় ভারত থেকে অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছেন শেখ হাসিনা: আসিফ মাহমুদ – DesheBideshe

কূটনৈতিক ব্যর্থতায় ভারত থেকে অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছেন শেখ হাসিনা: আসিফ মাহমুদ – DesheBideshe


কূটনৈতিক ব্যর্থতায় ভারত থেকে অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছেন শেখ হাসিনা: আসিফ মাহমুদ – DesheBideshe

ঢাকা, ৬ আগস্ট – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন যে, ভারতের মাটি থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়ার মধ্য দিয়ে সরকারের কূটনৈতিক ব্যর্থতা ফুটে উঠেছে। তিনি বলেন, এই ব্যর্থতার সুযোগ নিয়েই শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ভারত দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, সরকার এর আগে আশ্বস্ত করেছিল যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। তবে সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করে সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি।

তিনি কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, ভারত সরকারকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে রাজি করাতে হবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।

তিনি আরও অভিযোগ করেন যে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও দেশের কিছু গণমাধ্যম শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্য প্রচার করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে কেন ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

সরকারের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিকে অপর্যাপ্ত উল্লেখ করে তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়ার দাবি জানান। আসিফ মাহমুদ বলেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দায়িত্ব গ্রহণ করেছে। তাই রাজনৈতিক ও নৈতিকভাবে সেই চেতনার প্রতিফলন ঘটানো সরকারের অন্যতম দায়িত্ব। অন্যথায় সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে তিনি সতর্ক করেন।

তিনি দাবি করেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভারতের সহযোগিতায় কার্যক্রম চালাচ্ছে, যা ভবিষ্যতের জাতীয় পুনর্মিলনের পথকে সংকুচিত করছে।

সংবাদ সম্মেলনে তিনি জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি জানান, শেখ হাসিনার অংশগ্রহণে আয়োজিত সাম্প্রতিক এক অনুষ্ঠানে সাকিবের উপস্থিতির মাধ্যমে এ সংক্রান্ত বিতর্কের অবসান হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সাথেও তার যোগাযোগ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এনএন/ ৬ আগস্ট ২০২৬



Scroll to Top