নারায়ণগঞ্জের সোনারগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল উপজেলার মোগরাপাড়া এলাকার ‘রেইন ফরেস্ট ইকো রিসোর্ট’ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম মোগরাপাড়ার ওই রিসোর্টে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তার সানজিদ হাসনাতকে সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে রুজুকৃত একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।



