কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা – DesheBideshe

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা – DesheBideshe


কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা – DesheBideshe

কিশোরগঞ্জ, ২৭ জুন – কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে। নগদ টাকার পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও দান হিসেবে জমা পড়েছে।

শনিবার রাত পৌনে ৯টায় কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব মো. কামরুল হাসান মারুফ গণনার এই চূড়ান্ত ফলাফল নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৭টায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এরপর মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় টাকা গণনার কাজ শুরু হয়। দীর্ঘ ১৪ ঘণ্টার এই বিশাল প্রক্রিয়ায় রূপালী ব্যাংকের কর্মকর্তা, মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং স্থানীয় মাদরাসা ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীসহ মোট ৫৯০ জন মানুষ অংশ নেন।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, দান হিসেবে প্রাপ্ত এই অর্থ মসজিদের উন্নয়ন ছাড়াও জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানাসহ জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। বর্তমানে এই মসজিদ চত্বরে ১১৫ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে আধুনিক সুযোগ সুবিধাসহ প্রায় ৪০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

টাকা গণনার সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্সগুলো খুলে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গিয়েছিল।

এনএন/ ২৭ জুন ২০২৬



Scroll to Top