
ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের স্থলাভিষিক্ত হতে যাচ্ছে নতুন দল। এ উপলক্ষে কঙ্গোগামী সদস্যদের ব্রিফিং দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
রোববার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।
এ সময় বিমান বাহিনী প্রধান শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনী ও দেশের জন্য সুনাম বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পরে মিশনের সাফল্য কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন বিমান বাহিনী প্রধান।

অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকায় কর্মরত এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর চারটি এমআই সিরিজের হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট সরঞ্জামসহ ১৩৪ জন সদস্য ডিআর কঙ্গোতে জাতিসংঘের মনুস্কো শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছেন। তাদের স্থলাভিষিক্ত হবে ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২৩। নতুন কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।
গত ২৮ অক্টোবর কন্টিনজেন্টের ২৩ সদস্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর উদ্দেশে যাত্রা করেছেন। বাকি ১১২ সদস্য আগামী ৪ নভেম্বর দেশটির উদ্দেশে রওনা হবেন।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

