
ওয়াশিংটন, ২৬ এপ্রিল – যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সাংবাদিকদের জন্য আয়োজিত এক নৈশভোজে বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ওয়াশিংটন হিল্টন হোটেলের লবিতে এই হামলার ঘটনা ঘটলে দ্রুত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
স্থানীয় সময় শনিবার রাতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প যখন খাবার টেবিলে বসেছিলেন, ঠিক তখনই হোটেলটির বাঙ্কেট হলের ভেতর বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ফেলেন এবং সেখান থেকে সরিয়ে নেন।
বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করেছে যে, হামলাকারী বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে।
হোয়াইট হাউস সাংবাদিক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের সভাপতি ওইজা জিয়াং জানিয়েছেন যে, পরিস্থিতির উন্নতি হলে নৈশভোজের অনুষ্ঠানটি পুনরায় শুরু করা হবে।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার স্ত্রী ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকেও অনুষ্ঠানস্থল থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে বর্তমানে তারা দুজনই সুস্থ ও নিরাপদ রয়েছেন। প্রতিবছর হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের সম্মানে এই বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি মিডিয়া জগতের অনেক বিশিষ্ট ব্যক্তি ও তারকারা উপস্থিত ছিলেন। হঠাৎ গুলির শব্দে সেখানে উপস্থিত সবার মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বার্তাসংস্থা এপিকে দেওয়া এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর এক সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, এক ব্যক্তি হোটেলে ঢুকে অতর্কিতে গুলি চালায়। তবে হামলাকারী নিহত হয়েছে কিনা সে বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।
ঘটনার পরপরই গোয়েন্দা সদস্যরা পুরো বাঙ্কেট হল নিয়ন্ত্রণে নেন এবং অতিথিদের প্রয়োজনীয় সুরক্ষা নির্দেশনা প্রদান করেন।
এনএন/ ২৬ এপ্রিল ২০২৬






