
ঢাকা, ২৪ এপ্রিল – চৌদ্দশত ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বাকস্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন ঢাকা ৭ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্তমান শাসকগোষ্ঠী যদি আবারও ফ্যাসিবাদের পথে হাঁটে তবে তাদের পতন ঘটাতে জনগণ বেশি সময় নেবে না।
শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ইসহাক সরকার বলেন, ফ্যাসিবাদের পতন ঘটাতে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে ৩৬ জুলাই এক ঐতিহাসিক বিপ্লব সম্পন্ন হয়েছে। সেই আন্দোলনে ছাত্রদের সঙ্গে একাত্ম হয়ে তিনি নিজে রাজপথে ছিলেন বলে উল্লেখ করেন।
দীর্ঘ এক দশকের কারাবরণ এবং সহকর্মীদের হারানোর স্মৃতিচারণ করে তিনি দাবি করেন যে এনসিপির মাধ্যমেই বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব।
নিজের রাজনৈতিক লড়াই প্রসঙ্গে তিনি জানান, বিগত সরকারের আমলে তার পরিবারের বিরুদ্ধে দেড় শতাধিক মামলা দেওয়া হলেও তিনি কখনও আপস করেননি।
দল পরিবর্তনের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, তার পূর্ববর্তী দল গণতান্ত্রিক ধারা থেকে বিচ্যুত হয়েছে এবং শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ টিকে থাকতে পারবে না। এনসিপিকে জনগণের অধিকার আদায়ের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে তিনি দলটির সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এনএন/ ২৪ এপ্রিল ২০২৬





