
ঢাকা, ৯ জুন – জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন প্রকল্প, তিনটি সংশোধিত এবং দুইটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে।
তথ্যমতে, অনুমোদিত ১০টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৮০ কোটি ৩৫ লাখ টাকা খরচ করা হবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো চট্টগ্রামের আনোয়ারা থেকে কক্সবাজারের ঈদমনি পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে থাকা এই প্রকল্পের মাধ্যমে আনোয়ারা, বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী ও চকরিয়া আঞ্চলিক মহাসড়ককে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করা হবে।
অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে দেশের ৩৩টি জেলার সার্কিট হাউস এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন এবং স্বাস্থ্য খাতের আওতায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঢাকা সিএমএইচে ক্যানসার সেন্টার নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সংশোধিত প্রস্তাব গৃহীত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাদরাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম সাপোর্ট প্রকল্প এবং ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্পেরও সংশোধন আনা হয়েছে। একইসাথে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্পের সংশোধিত প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।
এনএন/ ৯ জুন ২০২৬






