উপমহাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম পথিকৃৎ ও কিংবদন্তি ব্যক্তিত্ব বীরেন্দ্রনাথ সরকার, যিনি বি এন সরকার নামে অধিক পরিচিত, তার ১২৫তম জন্মবার্ষিকী আজ রবিবার ১৯ জুলাই।
বাংলা ও ভারতীয় চলচ্চিত্রের বিকাশে বি এন সরকারের অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
১৯২০ সালে বি এন সরকার স্কটল্যান্ডের গ্লাসগো থেকে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচারে ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৩১ সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন ঐতিহাসিক চলচ্চিত্র প্রতিষ্ঠান নিউ থিয়েটার্স।
এই প্রতিষ্ঠান থেকেই নির্মিত হয়েছে বাংলা সিনেমার বহু যুগান্তকারী চলচ্চিত্র, যার মধ্যে ‘দেবদাস’ ও ‘উদয়ের পথে’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
বি এন সরকার নির্বাক যুগে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন এবং সবাক যুগেও সফলভাবে কাজ চালিয়ে যান। প্রযোজক, সংগঠক ও দূরদর্শী উদ্যোক্তা হিসেবে তিনি বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানের শিল্পে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকীতে চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন মহল তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বি এন সরকার শুধু একজন প্রযোজক নন, বরং বাঙালির সাংস্কৃতিক গৌরবের এক উজ্জ্বল প্রতীক।



