উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরসা কমান্ডার জুবায়ের নিহত – DesheBideshe

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরসা কমান্ডার জুবায়ের নিহত – DesheBideshe


উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরসা কমান্ডার জুবায়ের নিহত – DesheBideshe

কক্সবাজার, ৩০ জুলাই – কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার কমান্ডার মো. জুবায়ের নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উখিয়ার ক্যাম্প ৮ ওয়েস্টের এইচ ২৯ ব্লকে এই ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই ক্যাম্পের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।

উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান যে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন এলাকায় জুবায়ের নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইব্রাহিম নামের একজনের ঘরের সামনে পৌঁছালে একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে। সন্ত্রাসীরা প্রায় ৫ রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নিকটস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক তদন্ত ও তথ্যের ভিত্তিতে জানা গেছে যে আরসা ও আরএসও সন্ত্রাসী সংগঠনের মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ ও গ্রুপিং চলমান ছিল। এই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এনএন/ ৩০ জুলাই ২০২৬



Scroll to Top