ইরানের স্বার্থে ইসরায়েল আঘাত করলে কঠোর পদক্ষেপ: তেহরান

ইরানের স্বার্থে ইসরায়েল আঘাত করলে কঠোর পদক্ষেপ: তেহরান

ইরানে ইসরায়েলের হামলা চালানোর খবরের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরায়েল যদি আরেকবার দুঃসাহস দেখায় ও ইরানের স্বার্থবিরোধী কাজ করে, তবে আমাদের পরবর্তী জবাব হবে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির বলেন, ‘গত রাতে (শুক্রবার ভোর চারটার দিকে) যা হয়েছে, সেটা কোনো হামলা ছিল না। এ ঘটনায় কয়েকটি কোয়াডকপ্টার ব্যবহার করা হয়, যা খেলনার পর্যায়ের। ইরানে আমাদের অনেক শিশু এসব কপ্টার নিয়ে খেলা করে। ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল যদি কোনো দুঃসাহস না দেখায়, তাহলে আমাদের পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হবে না। কিন্তু ইরানের কোনো স্বার্থে আঘাত হানলে কঠোর জবাব দেবে তেহরান।’

১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এ হামলার বদলা হিসেবে ১৩ এপ্রিল রাতে একযোগে ১৭০টি ড্রোন, ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। এর পর থেকে ইরানে পাল্টা হামলা চালানোর হুমকি দিচ্ছিল ইসরায়েল। কিন্তু ইরানে বিস্ফোরণের পর ইসরায়েল নিশ্চুপ।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কর্মকর্তাদের বরাতে নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়। কারণ, এসব ক্ষেপণাস্ত্রে ইরানের রাডার ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার মতো প্রযুক্তি ছিল।

Scroll to Top