এই সতর্কবার্তা এমন সময় এল, যখন হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা বাকি। ট্রাম্প হুমকি দিয়েছেন, বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকাল সাতটার মধ্যে ইরান হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে বোমা হামলা চালানো হবে।
পাল্টা হুঁশিয়ারিতে ইরানও জানিয়েছে, বেসামরিক অবকাঠামোতে হামলা হলে ‘ভয়াবহ’ প্রতিশোধ নেওয়া হবে।
এরই মধ্যে তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আধা সরকারি মেহের বার্তা সংস্থার বরাতে জানা গেছে, তেহরানের কেন্দ্রস্থলে একটি আবাসিক ভবনে হামলায় পাশের একটি সিনাগগও ধ্বংস হয়ে গেছে।
এর আগে সোমবার পারস্য উপসাগরের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কারখানাতেও হামলা চালানো হয়।



