ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা: একে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলছে তেহরান – DesheBideshe



তেহরান, ২০ আগস্ট – ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ইরান একে অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছে।

বৃহস্পতিবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসব নিষেধাজ্ঞার মূল লক্ষ্য সাধারণ ইরানি নাগরিকরা। মন্ত্রণালয় এই পদক্ষেপকে মানবতাবিরোধী অপরাধ হিসেবেও বর্ণনা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অন্য কোনো দেশ ইরানকে অর্থনৈতিক সহায়তা প্রদান করলে তাদের বিরুদ্ধেও নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হবে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা স্বাধীনতা এবং জাতীয় অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরণের নিষেধাজ্ঞা তাদের দমাতে পারবে না বলেও তেহরান দাবি করেছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সেখানে নতুন একটি মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন মোতায়েন করা হয়েছে। দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিকরা মানসিক বিপর্যয়ের সম্মুখীন হওয়ায় এই রদবদল করা হয়েছে বলে জানা গেছে।

মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম নিশ্চিত করেছে যে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে।

এনএন/ ২০ আগস্ট ২০২৬



Scroll to Top