ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী পর্তুগীজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা মৌসুম শেষে ক্লাব ছেড়ে যাবেন। তার বিদায় যেন ঠিকঠাকভাবে হয় কোচ পেপ গার্দিওলা এমন অনুরোধ করেছেন। একই সাথে স্পেনিয়ার্ড কোচ বলেছেন, সিলভার বিদায়ে আমার সত্তার একটি অংশ চলে যাচ্ছে।
সম্প্রতি সিলভা ভবিষ্যৎ নিয়ে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। শিরোপায় মোড়ানো নয় বছর কাটানোর পর মৌসুম শেষে চুক্তির মেয়াদ থামলে চলে যাবেন, জানিয়েছেন সিটি অধিনায়ক। চ্যাম্পিয়ন্স লিগ শেষ হওয়ার পর তাকে নিয়ে ঘরোয়া ট্রেবল সম্পন্ন করতে পারবেন বলে আশা করছেন গার্দিওলা।
আর্সেনাল ম্যাচের আগে গার্দিওলার কাছে জানতে চাওয়া হয় সিলভার বিদায় কঠিন কিনা? জানান, ‘অবশ্যই। যখন এধরনের খেলোয়াড়রা চলে যায়, এবং গত কয়েক বছরে এমন অনেকেই গেছে, তখন আমারও একটা অংশ যেন চলে যায়।’
‘সিলভাকে ছাড়া ক্লাবকে কল্পনা করা কঠিন হবে। তিনি নয় বছর ধরে অবিশ্বাস্য ছাপ রেখে চলেছেন এবং অত্যন্ত, অত্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। আশা করি আমরা তার প্রত্যাশা পূরণ করতে পারব, জানি সে আমাদের সাহায্য করবে। একজন বিশেষ খেলোয়াড়, আশা করি আমরা একটি ভালো মাস বা কয়েকদিনের জন্য তাকে পুরস্কৃত করতে পারব। সে সেরাটা পাওয়ার যোগ্য।’
গার্দিওলা সিটিজেনদের শিরোপা ধারাবাহিকতা নিয়ে বলেছেন, ‘আমরা একসাথে ১৯টি শিরোপা জিতেছি। আমরা আরও দুটির জন্য লড়াই করছি এবং আমরা এর জন্যই লড়ব এটা নিশ্চিত। আমরা শুরুর জন্য উন্মুখ এবং আমাদের সেরাটা দেব।’



