চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগে দারুণ সম্ভাবনা দেখিয়েও ব্যর্থ হয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে প্রথম লেগের হারের পর দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে জিতেছে বার্সা। দুই লেগ মিলে পিছিয়ে পড়েছিল দলটি, যার কারণে আসর থেকে বিদায় নিতে হয়েছে তাদের। তবে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক মনে করেন তার দল সেমিফাইনালের যোগ্য ছিল।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের প্রশাংসা করেছেন এ জার্মান কোচ। তিনি বলেন, ‘আমরা রাতে অসাধারণ খেলেছিলাম প্রথমার্ধে। আমাদের আরও গোল করতে হতো। অবশ্যই আমাদের পক্ষে আরও গোল করা সম্ভব ছিল। যখন আপনি দুই ম্যাচের খেলা দেখবেন, আমরাই আসলে সেমিফাইনালে খেলার যোগ্য ছিলাম।’
‘কিন্তু আমাদের ভাগ্য মেনে নিতে হবে। খেলোয়াড়েরা মাঠে যে মানসিকতা দেখিয়েছে, যে মনোভাব তারা পোষণ করেছিল তার জন্য আমি গর্বিত।’
অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হার নিয়ে ফ্লিক আরও বলেন, ‘আমরা অবশ্যই এখন হতাশ। এটা সাধারণ ব্যাপার। চ্যাম্পিয়ন্স লিগ জেতা অনেক বড় স্বপ্ন। আমাদের কোন বিষয়ে উন্নতি করতে হবে, সে সম্পর্কে শিখতে হবে। তবে আমাদের একটি নবীণ দল এবং তারা আগামী মৌসুমে উন্নতি করতে পারবে এবং করবেই। আমি জানি এটা সবার জন্য হতাশ, আমি নিজেও হতাশ। এটা ফুটবল, এটাই জীবন। আমাদের ফিরে আসতে হবে।’
নিজেদের পরবর্তী গন্তব্যের কথা বলতে গিয়ে ফ্লিক বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য লা-লিগার শিরোপা জেতা। আমরা সেই পথেই আছি। এটা এখনও শেষ হয়নি। আমাদের আরও খেলা রয়েছে এবং আজকের মতই আমাদের সবকিছু করতে হবে।’


