সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ এজাজ বলেন, মূল সড়ক থেকে অননুমোদিত ব্যানার-পোস্টার অপসারণ করা হবে। পিভিসি ব্যানার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এটি পরিবেশের জন্য ক্ষতিকর। রাস্তার পাশে দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতিগুলো রক্ষা করা হবে। আর যাঁরা পোস্টার-ব্যানার লাগাবেন, তাঁদের দ্বারা পোস্টার শুধু অপসারণই নয়, জরিমানাও করা হবে।
উত্তর সিটির আওতাধীন রাস্তা সংস্কারের উদ্যোগ নেবেন বলে জানান মোহাম্মদ এজাজ। মশা নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়া, জন্মনিবন্ধনের ক্ষেত্রে হয়রানি বন্ধে প্রয়োজনীয় কম্পিউটার সরঞ্জাম সরবরাহ, দুর্নীতি বন্ধে নগরবাসীকে সচেতন করা ও সিটি করপোরেশনকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার প্রতিশ্রুতি দেন নতুন প্রশাসক।
এর আগে লিখিত বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, ঢাকাকে একটি বাসযোগ্য শহর করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। পরিবেশ যেন ভালো থাকে, বাতাস বিশুদ্ধ হয়, নদী-খালগুলো বাঁচে, সবার জন্য উন্মুক্ত জায়গা যেন থাকে, তা নিশ্চিত করা হবে। শিশুর খেলাধুলা, মানুষের হাঁটাচলা ও বসা, রাস্তা, পানি সরবরাহ এবং পয়োনিষ্কাষণ ও বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে যাতে কাজ করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।



