গায়ক-গীতিকার জেমস ব্লান্টের নতুন Airplane Mode অ্যালবাম যুক্তরাজ্যের সাপ্তাহিক অ্যালবাম চার্টের শীর্ষে উঠে এসেছে। ১৩ নভেম্বর প্রকাশিত চার্টে নতুন এন্ট্রি হিসেবেই এক নম্বরে জায়গা করে নিয়েছে অ্যালবামটি।
এটি ব্লান্টের অষ্টম স্টুডিও অ্যালবাম এবং ক্যারিয়ারের তৃতীয় চার্ট-শীর্ষ অ্যালবাম। সর্বশেষ ২০০৭ সালে All the Lost Souls দিয়ে তিনি এক নম্বরে উঠেছিলেন, অর্থাৎ দীর্ঘ ১৯ বছর পর আবার শীর্ষে ফিরলেন এই শিল্পী।
অ্যালবামটির ঘোষণা আসে গত ৩ সেপ্টেম্বর, আর মুক্তি পায় ৬ নভেম্বর। মুক্তির প্রথম সপ্তাহেই চার্টের শীর্ষস্থান দখল করল Airplane Mode, যা নতুন করে আলোচনায় এনেছে এই শিল্পীকে।
এবারের শীর্ষস্থানের লড়াই ছিল বেশ জমজমাট। Royal Blood-এর পঞ্চম স্টুডিও অ্যালবাম Dead Company দ্বিতীয় স্থানে অভিষেক করেছে, যদিও ব্যান্ডটির আগের চারটি অ্যালবামই টানা এক নম্বরে উঠেছিল।
আগের সপ্তাহের দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমেছে Olivia Rodrigo-র অ্যালবাম। চতুর্থ স্থানে নতুন এন্ট্রি Skepta-র The Fork and Knife, যা সাত বছরে তাঁর প্রথম একক অ্যালবাম। পঞ্চম স্থানে রয়েছে Kings of Leon-এর O My Beloved।
শীর্ষ দশে আরও নতুন এন্ট্রি হিসেবে এসেছে Steven Wilson-এর Requiem For A Village এবং George Michael-এর The Faith Tour। Requiem For A Village দিয়ে Steven Wilson তাঁর পঞ্চম একক শীর্ষ দশ অ্যালবাম পেলেন, যা ৬ নম্বরে রয়েছে। আর The Faith Tour অ্যালবামে ১৯৮৮ সালের প্যারিস কনসার্টের অপ্রকাশিত রেকর্ডিং রাখা হয়েছে।
চার্ট প্রকাশের আগে ব্লান্ট একটি মজার ঘোষণা দিয়েছিলেন। অ্যালবাম এক নম্বরে গেলে আইনিভাবে নিজের নাম বদলে Ryan Air রাখবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। ২০২৪ সালে Back to Bedlam-এর পুনঃপ্রকাশের সময়ও একই ধরনের ঘোষণা দিয়েছিলেন, তবে সেবার অ্যালবামটি সাত নম্বরে থেমে যায়।
এ বছর আন্তর্জাতিক সংগীতে রেকর্ড আর বিতর্ক দুই-ই আলোচনায় ছিল। এর আগে নতুন রেকর্ড গড়ে খবরে এসেছিলেন টেইলর সুইফটআর মঞ্চপোশাক নিয়ে আইনি বিরোধে জড়িয়েছে একটি জনপ্রিয় রক ব্যান্ড।
২০০৪ সালে Back to Bedlam দিয়ে যাত্রা শুরু করা ব্লান্ট You’re Beautiful গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান। গানটি ১৩টি দেশে এক নম্বরে উঠেছিল।
সংগীতে আসার আগে তিনি ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত ব্রিটিশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন এবং ক্যাপ্টেন পদে উন্নীত হন। তাঁর ক্যারিয়ার ও অ্যালবামের পূর্ণ তালিকা পাওয়া যাবে এই শিল্পী পরিচিতি পাতায়।



