ভালোবাসার জন্য মানুষ কত দূর যেতে পারে? কারও কাছে তার উত্তর ফুল, আংটি কিংবা মোমবাতির আলোয় সাজানো একটি সন্ধ্যা। কিন্তু রাশিয়ান দম্পতি ইভান কুজনেতসভ ও অ্যাঞ্জেলিনা নিকোলাউ বেছে নিলেন সম্পূর্ণ ভিন্ন এক পথ। নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে করলেন প্রেম নিবেদন। তবে রোমাঞ্চকর সেই মুহূর্তের সমাপ্তি হয় নিউইয়র্ক পুলিশের হাতে গ্রেফতারের মধ্য দিয়ে।
বুধবার (১ জুলাই) দুপুরে কালো পোশাক ও মুখোশ পরে ১ হাজার ৪৫৪ ফুট উচ্চতায় ভবনটির অ্যান্টেনায় উঠে দাঁড়ান তারা। সেখানেই খুলে ধরেন একটি ব্যানার, যাতে লেখা ছিল—’ক্ষমতার প্রতি ভালোবাসাকে যখন ভালোবাসার শক্তি হার মানায়, তখনই পৃথিবী শান্তির মুখ দেখে।’ কিছুক্ষণ পর হাঁটু গেড়ে বসে প্রেম নিবেদন করেন তাদের একজন।
এই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিচে নিরাপত্তার কারণে কয়েকটি সড়ক বন্ধ করে দেয় পুলিশ। নিউইয়র্ক পুলিশ বিভাগের জরুরি সেবা ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দম্পতিকে আটক করে। পুলিশের বডি-ক্যামেরার ভিডিওতে এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আপনাদের এখানে থাকার কথা নয়।’
অ্যাঞ্জেলিনা নিকোলাউ-এর ইনস্টাগ্রাম পোস্ট।
৩২ বছর বয়সী ইভান কুজনেতসভ ও ৩৩ বছর বয়সী অ্যাঞ্জেলিনা নিকোলাউ নিজেদের ‘রুফটপার’ হিসেবে পরিচয় দেন। অর্থাৎ অনুমতি বা নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই বিশ্বের উঁচু ভবনে উঠে ছবি তোলাই তাদের নেশা। ২০২৪ সালে তাদের জীবন নিয়ে নির্মিত নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্র ‘Skywalkers: A Love Story’ আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে।
কীভাবে তারা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অ্যান্টেনায় পৌঁছালেন, তা এখনো তদন্ত করছে কর্তৃপক্ষ। প্রাথমিক তথ্যে জানা গেছে, সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকা ১০৩তম তলার একটি হ্যাচ ব্যবহার করে তারা ওপরে উঠেছিলেন।
ছবি: সংগৃহীত
বিশেষজ্ঞদের মতে, ভবনটির শীর্ষে থাকা সম্প্রচার অ্যান্টেনার আশপাশে উচ্চমাত্রার রেডিও-ফ্রিকোয়েন্সি বিকিরণ ও বৈদ্যুতিক শক্তির কারণে এমন অভিযান প্রাণঘাতী হতে পারে।
ঘটনার পর দম্পতির বিরুদ্ধে চুরি, বেপরোয়া আচরণের মাধ্যমে অন্যের জীবন ঝুঁকিতে ফেলা, অপরাধমূলক অনধিকার প্রবেশ, ভাঙচুর, চুরির সরঞ্জাম বহন এবং জনশৃঙ্খলা ভঙ্গসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। প্রেমের এক সাহসী প্রদর্শন তাই শেষ পর্যন্ত রূপ নিয়েছে আইনি জটিলতায়।



