
কুমিল্লা, ০২ মে – টানা বৃষ্টিতে দেশের হাওরাঞ্চলে ব্যাপক ক্ষতির শিকার কৃষকদের জন্য সরকারি সহায়তার তহবিল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার কুমিল্লায় শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম-এর জিমনেসিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের তথ্য সংগ্রহে জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর যৌথভাবে কাজ করছে। তিনি বলেন, “যারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সহায়তায় সরকারের বিদ্যমান তহবিল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”
এছাড়া হাওরাঞ্চলে ভেঙে যাওয়া বেড়িবাঁধগুলো পুনর্নির্মাণ ও আরও টেকসই করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
কৃষি উৎপাদন ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে ধান সংগ্রহ কার্যক্রম জোরদারের কথাও উল্লেখ করেন মন্ত্রী। তার ভাষায়, “ইউনিয়নে মাইকিং করে ধান সংগ্রহ করা হলে কৃষকরা প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেশি লাভবান হবেন।” পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্যবান্ধব কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
এর আগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এ আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের মর্যাদা বাড়লে দেশের মর্যাদাও বৃদ্ধি পায়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা। উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
সবমিলিয়ে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের পুনর্বাসনে সরকারের উদ্যোগ আরও জোরদার করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এনএন/ ০২ মে ২০২৬






