হাইতি ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল | চ্যানেল আই অনলাইন

হাইতি ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল | চ্যানেল আই অনলাইন

চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না নেইমার। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ধাপ সম্পন্ন করতে তিনি দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাচ্ছেন না, বরং নিউ জার্সিতেই থেকে চিকিৎসা ও অনুশীলন চালিয়ে যাবেন।

ডান পায়ের কাফের চোটে প্রায় এক মাস মাঠের বাইরে থাকা ৩৪ বর্ষী এই ফরোয়ার্ড বুধবার প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য অনুশীলনে অংশ নেন। তবে মূল দলের সঙ্গে কিছুক্ষণ কাজ করার পর তিনি আলাদা হয়ে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যান। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, দলীয় চিকিৎসকরা তাকে নকআউট পর্বের জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলতেই সতর্ক অবস্থান নিয়েছেন।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়ার পর আর মাঠে নামেননি নেইমার। ফলে হাইতির পর স্কটল্যান্ডের বিপক্ষেও তাকে দেখা যাবে না বলেই ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর জাতীয় দলের জার্সিতেও আর খেলা হয়নি তার।

তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আশাবাদী, দ্রুতই দলে ফিরবেন নেইমার। ইতালিয়ান কোচ বলেছেন, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে সে আবার দলের সঙ্গে যোগ দিতে পারবে।’

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে রয়েছে সেলেসাও বাহিনী।

Scroll to Top