
ঢাকা, ১৮ জুন – চলতি জুন মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে প্রবাসী আয় এসেছে ১০ কোটি ৬৮ লাখ ডলার।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে ১৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৪৫৭ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ১০ শতাংশ বেশি। এর আগে গত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক আয়।
উল্লেখ্য যে, গত মার্চ মাসে দেশে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা একক মাস হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া গত এপ্রিল মাসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং ফেব্রুয়ারি মাসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার প্রবাসী আয় দেশে এসেছে।
জানুয়ারি মাসে এর পরিমাণ ছিল ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। গত বছরের শেষ দিকে ডিসেম্বর মাসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া অক্টোবর মাসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল।
গত আগস্ট ও জুলাই মাসে দেশে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
অন্যদিকে, গত ২০২৪ ২৫ অর্থবছর জুড়ে দেশের প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড।
এনএন/ ১৮ জুন ২০২৬





