হরমুজ প্রণালি থেকে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজ জব্দ করল ইরান – DesheBideshe

হরমুজ প্রণালি থেকে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজ জব্দ করল ইরান – DesheBideshe


হরমুজ প্রণালি থেকে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজ জব্দ করল ইরান – DesheBideshe

তেহরান, ২৩ এপ্রিল – আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি থেকে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে ইরানের নৌবাহিনী। গত বুধবার এই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

জব্দ করা জাহাজ দুটির মধ্যে একটি লাইবেরিয়ার পতাকাবাহী এপামিনোন্দাস এবং অন্যটি পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেস্কা।

গ্রিসভিত্তিক সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা টেকনোমার শিপিং এপামিনোন্দাস জাহাজটি জব্দের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে ওমান উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে থাকাকালীন জাহাজটি ইরানি নৌবাহিনীর গুলির মুখে পড়ে। তবে এই ঘটনায় জাহাজের কোনো বড় ক্ষয়ক্ষতি কিংবা কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে বিশ্বের বৃহত্তম কন্টেইনার জাহাজ পরিষেবা কোম্পানি এমএসসির পক্ষ থেকে তাদের জাহাজ জব্দের বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে যে জাহাজ দুটি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করছিল। তাই নিয়ম অনুযায়ী সেগুলোকে জব্দ করা হয়েছে।

পারস্য উপসাগরের সঙ্গে ওমান ও আরব সাগরকে যুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালিটি বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক চতুর্থাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরুর পর কৌশলগত এই জলপথটি বন্ধ করে দেয় তেহরান। বর্তমানে প্রণালিটির নিয়ন্ত্রণ করছে আইআরজিসি।

ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে কোনো জাহাজ এই পথ ব্যবহার করতে চাইলে অবশ্যই আইআরজিসির পূর্বানুমতি নিতে হবে।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬



Scroll to Top