হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। পাল্টাপাল্টি হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় এশিয়ার বাজারে আজ তেলের দামে ঊর্ধ্বগতি দেখা যায়।
বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আজ ৮ মে শুক্রবার সকালের লেনদেনে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০১ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে। সেশনের শুরুতে দাম ২ শতাংশেরও বেশি বেড়েছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, ইরানের পক্ষ থেকে চালানো ‘উসকানিহীন’ হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। এসব হামলায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান ব্যবহার করা হয় বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো উপসাগরীয় এলাকা ত্যাগ করে হরমুজ প্রণালি অতিক্রমের সময় আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায় বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। শান্তি আলোচনা অব্যাহত রাখার সুযোগ তৈরি করতে গত ২১ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল বলে জানান তিনি।





