ভালভের্দে দুঃখ প্রকাশ করে বিবৃতিতে বলেন, ‘আমি দুঃখিত, আমি সত্যিই দুঃখিত। কারণ, এ পরিস্থিতি আমাকে কষ্ট দিচ্ছে, আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তা–ও আমাকে কষ্ট দিচ্ছে। আমার জীবনে রিয়াল মাদ্রিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি, আর এই ক্লাবের কোনো কিছুর প্রতিই আমি উদাসীন থাকতে পারি না।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভালভের্দেকে মাদ্রিদের ভালদেবেবাস অনুশীলন কমপ্লেক্সের কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রিয়ালের কোচ আলভারো আরবেলোয়া। ভালভের্দের মুখে সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে। তবে রিয়ালের পক্ষ থেকে জানানো হয়, মাথায় চোট পেলেও এখন ‘ভালো অবস্থা’য় আছেন ভালভের্দে।
সংবাদমাধ্যমের দাবি, গত বুধবার থেকে দুই খেলোয়াড়ের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। বৃহস্পতিবারের অনুশীলনে এর রেশ থেকে যায়। মার্কা জানিয়েছে, ফরাসি মিডফিল্ডার চুয়ামেনি ঘুষি মারেননি, তর্কের সময় অসাবধানতাবশত ভালভের্দে চোট পান।



