আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্ক নিয়ে সাম্প্রতিক আলোচনার পর আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বোর্ড। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সৈকতের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হলেও ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী তাকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবির চুক্তিভুক্ত আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন শরফুদ্দৌলা। তার চুক্তির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়ার পর তা ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। তবে ওই সময়ের পর আর নতুন করে চুক্তি নবায়ন করা হয়নি।
বিসিবির মতে, আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে সৈকতের দায়িত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বিসিবির হয়ে আগের মতো নিয়মিত দায়িত্ব পালন করা তার পক্ষে কঠিন হতে পারে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই চুক্তি আর বাড়ানো হয়নি। এর ফলে তার বিসিবির কেন্দ্রীয় চুক্তির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ২০২৬ সালের এপ্রিলে।
বোর্ড আরও জানিয়েছে, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের কেন্দ্রীয় চুক্তির আওতায় রাখা পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সাধারণ চর্চা নয়। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার ব্যস্ত সূচির সঙ্গে জাতীয় বোর্ডের দায়িত্বের সমন্বয় করা কঠিন হওয়ায় বেশির ভাগ দেশই এ ধরনের আম্পায়ারদের প্রয়োজনভিত্তিক দায়িত্ব দিয়ে থাকে।
তবে বিসিবি স্পষ্ট করেছে, সৈকতের সঙ্গে তাদের পেশাগত সম্পর্ক অব্যাহত রয়েছে। তার প্রাপ্যতা অনুযায়ী ভবিষ্যতে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি দেশের প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ ও টি-টুয়েন্টি প্রতিযোগিতায়ও তাকে দায়িত্ব দেয়া হবে। এরই ধারাবাহিকতায়, কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ২০২৬ সালের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজে তাকে আম্পায়ারের দায়িত্ব দিয়েছিল বিসিবি।


