
কলম্বো, ১৮ ফেব্রুয়ারি – নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। সুপার এইট নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে। সমীকরণটি একেবারেই সহজ—ম্যাচ জিতলেই পরবর্তী রাউন্ডের টিকিট মিলবে। কাগজে-কলমে এবং শক্তির বিচারে নামিবিয়ার চেয়ে যোজন যোজন এগিয়ে থেকেই মাঠে নামবে পাকিস্তান দল।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে পাকিস্তানের একজন এবং শীর্ষ পঁচিশে তিনজন খেলোয়াড় রয়েছেন। অন্যদিকে নামিবিয়ার সর্বোচ্চ র্যাঙ্কিংধারী গেরহার্ড এরাসমাস অবস্থান করছেন যৌথভাবে ৪৯তম স্থানে। বোলিং বিভাগেও চিত্রটা একই। শীর্ষ দশে পাকিস্তানের দুজন বোলার থাকলেও নামিবিয়ার সর্বোচ্চ র্যাঙ্কিংধারী বার্নার্ড শলৎজ রয়েছেন ৭৯ নম্বরে।
শক্তি ও পরিসংখ্যানে এগিয়ে থাকলেও পাকিস্তানের মূল ভয়ের কারণ তাদের বর্তমান ছন্দহীনতা। আসরের প্রথম দুই ম্যাচে জয় পেলেও ব্যাটার বা বোলাররা কেউই নিজেদের সেরাটা মেলে ধরতে পারেননি। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের মুখ থেকে ফিরে ৩ উইকেটে জিতেছিল তারা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় এলেও ফিফটি ছিল কেবল সাহিবজাদা ফারহানের।
সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর দলের আত্মবিশ্বাস এখন তলানিতে। কলম্বোতে অনুষ্ঠিত সেই ম্যাচে ১৭৫ রান তাড়া করতে গিয়ে ৬১ রানে পরাজিত হয় পাকিস্তান। এমন পরিস্থিতির পর দলের প্রধান কোচ খেলোয়াড়দের মনোবল ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অফ স্পিনার উসমান তারিক জানিয়েছেন, আগের ভুলগুলো নিয়ে কাজ করে তারা এই ম্যাচের জন্য প্রস্তুত। নামিবিয়ার বিপক্ষে আজকের ম্যাচেই বোঝা যাবে সেই প্রস্তুতির প্রতিফলন।
এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬





