চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ সমাবেশে দলের সর্বোচ্চ সম্মাননা ‘১ জুলাই পদক’ প্রদান করবেন চীনের প্রেসিডেন্ট ও সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শি জিনপিং।
সোমবার (২৯ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম পিপলস ডেইলি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী বুধবার ১ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে শি জিনপিং আদর্শ দলীয় সদস্যদের হাতে ‘১ জুলাই পদক’ তুলে দেবেন। একই অনুষ্ঠানে তিনি একটি গুরুত্বপূর্ণ ভাষণও দেবেন।
শি জিনপিং বর্তমানে চীনের রাষ্ট্রপতি, সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারের সমাবেশে দেশজুড়ে নির্বাচিত বিশিষ্ট দলীয় সদস্য, দলীয় কর্মী এবং তৃণমূল পর্যায়ের দলীয় সংগঠনগুলোকেও সম্মাননা দেওয়া হবে।
উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টি ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়। সেই উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হলেও এবারের অনুষ্ঠানে দলের সর্বোচ্চ সম্মাননা প্রদান বিশেষ গুরুত্ব পাচ্ছে।
অনুষ্ঠানটি চায়না মিডিয়া গ্রুপ ও শিনহুয়া নেটসহ চীনের বিভিন্ন রাষ্ট্রীয় গণমাধ্যম, ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে।



