ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার | চ্যানেল আই অনলাইন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার | চ্যানেল আই অনলাইন

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ দুটি ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। দুর্ঘটনায় প্রথমে জানা গিয়েছিল নিখোঁজ রয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তান। তাদের মারা যাওয়ার খবর এলো সোমবার।

ত্রেহো প্লায়া গ্রান্দে এলাকার একটি ভবনে থাকতেন। ভূমিকম্পে ভবনটি পুরোপুরি ধসে পড়লে তার পরিবারের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকর্মীরা তার স্ত্রী ইয়ানিনা এবং সন্তান অ্যারন ও আইনহোয়ার মরদেহ উদ্ধার করেছেন।

ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুইরার খেলোয়াড় লুকাস ত্রেহো গত তিনদিনের বেশিরভাগ সময় ধ্বংসস্তূপের মধ্যে স্ত্রী ও সন্তানদের চিহ্ন খোঁজার চেষ্টায় ছিলেন।

ত্রেহো ফেসবুকে লিখেছিলেন, ‘প্লায়া গ্রান্দেতে আমাদের ভবনটি ধসে পড়েছে। আমি পরিবারের কোন খোঁজ জানি না। দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন এবং কেউ দেখে থাকলে তথ্য দিয়ে সাহায্য করুন। বিশ্বাস করতে চাই, ঘটনার সময় তারা ভবনের ভেতরে ছিল না।’

গত বুধবার রাতে ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সরকারি হিসাব অনুযায়ী, এই দুর্যোগে এখন পর্যন্ত হাজারের বেশি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৪০০ বেশি মানুষ। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ রয়েছেন প্রায় ১১ হাজার মানুষ।

Scroll to Top