সরকারি তিতুমীর কলেজ: ঝরে পড়ার হার বেশি, উপস্থিতিও কম

সরকারি তিতুমীর কলেজ: ঝরে পড়ার হার বেশি, উপস্থিতিও কম

শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, ক্লাসে উপস্থিতি আশানুরূপ নয়। কোনো কোনো বিভাগে ৩০০ শিক্ষার্থীর মধ্যে নিয়মিত উপস্থিত থাকেন মাত্র ৪০-৫০ জন। প্রথম বর্ষে উপস্থিতি তুলনামূলক বেশি থাকলেও দ্বিতীয় বর্ষ থেকে কমতে শুরু করে।

অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের একজন ছাত্র প্রথম আলোকে বলেন, ‘প্রথম বর্ষে দুটি শাখা ছিল, এখন একটিতেই ক্লাস হয়। শিক্ষকেরা আসেন, কিন্তু শিক্ষার্থী কম।’ উদ্ভিদবিদ্যা বিভাগের দুই ছাত্রী জানান, পরীক্ষার আগে কিছুদিন ক্লাসে বেশি শিক্ষার্থী দেখা যায়, তবে সারা বছর উপস্থিতি কম।

পরীক্ষায় অংশ নিতে ৭৫ শতাংশ উপস্থিতি আবশ্যক। ৬০-৭৪ শতাংশ উপস্থিতি থাকলে দেড় হাজার টাকা জরিমানা দিয়ে পরীক্ষা দেওয়া যায়। ৬০ শতাংশের নিচে উপস্থিত থাকলে পরীক্ষার অনুমতি নেই। কিন্তু এই নিয়ম কঠোরভাবে মানা হয় না।

চারজন শিক্ষক প্রথম আলোকে জানান, বাস্তবতা হচ্ছে অনেক শিক্ষার্থী প্রথম বর্ষ শেষে খণ্ডকালীন কাজে যুক্ত হয়ে যান বা পড়াশোনায় আগ্রহ হারান। পরে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়। ফলে কাঙ্ক্ষিত মানের শিক্ষায় ঘাটতি থেকে যায়। তাঁরা মনে করেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ক্লাসে উপস্থিতির নিয়ম আরও কঠোর করা প্রয়োজন।

Scroll to Top