রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের একদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন। আজ রোববার (২৬ জুলাই) বেলা ২টা ২৫ মিনিটের দিকে সপরিবারে বঙ্গভবন ছাড়েন তিনি।
বঙ্গভবন থেকে সাবেক রাষ্ট্রপতির গাড়িবহর বের হতে দেখা গেছে। রাষ্ট্রপতির গাড়িসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৮টি গাড়ি এই বহরে রয়েছে। দুপুর থেকেই বঙ্গভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে।
রাজধানীর গুলশানের ১২৩ নম্বর সড়কে মো. সাহাবুদ্দিনের বাসায় চলছে পরিচ্ছন্নতার কাজ। গতকাল শনিবার দেখা গেছে বাড়ির নিচতলার বসার জায়গাটি নতুন করে রং করা হয়েছে। পরিষ্কার করা হচ্ছে আসবাবপত্র। মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হওয়ার আগে বাড়িটির পঞ্চম তলার ফ্ল্যাটে থাকতেন।
সাবেক রাষ্ট্রপতির গুলশানের বাড়িটিতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকেই পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন।
বঙ্গভবন ছাড়ার পর সেখানে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তবে তিনি জাতীয় সংসদের স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন।
আরও পড়ুনঃ এসিআই মোটরসে জব সার্কুলার, আবেদন অনলাইনে
গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার। একই সঙ্গে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কথাও ঘোষণা করেন স্পিকার। মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন। অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে দেখিয়েছেন তিনি।




