লিসবনে ঈদের জামাতে বাংলাদেশিসহ হাজারও ‍মুসলিমের মিলনমেলা | চ্যানেল আই অনলাইন

লিসবনে ঈদের জামাতে বাংলাদেশিসহ হাজারও ‍মুসলিমের মিলনমেলা | চ্যানেল আই অনলাইন

পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আযহার ইউরোপের অন্যতম বৃহৎ জামাত।

বুধবার (২৭ মে) রাজধানীর মার্তিম মনিজ স্কয়ারে আয়োজিত এ বিশাল জামাতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম অংশ নেন। এতে এক অনন্য ধর্মীয় সম্প্রীতি ও মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসী কমিউনিটির উদ্যোগ এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জামাতটি অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে লিসবন ও আশপাশের বিভিন্ন শহর থেকে দলে দলে বাংলাদেশি প্রবাসীরা অংশ নেন। পাঞ্জাবি ও টুপি পরিহিত প্রবাসীদের উপস্থিতিতে পুরো এলাকা যেন এক টুকরো বাংলাদেশের রূপ নেয়।

বাংলাদেশিদের পাশাপাশি পাকিস্তান, ভারত, মরক্কো, আলজেরিয়াসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের বিপুলসংখ্যক মুসলিম জামাতে অংশ নেন। জাতীয়তা ও বর্ণের বিভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। পরে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।

নামাজের আগে মার্তিম মনিজ মসজিদের ইমাম হাফিজ মাওলানা মিছবাহ উদ্দীন জুবায়ের ঈদুল আযহার তাৎপর্য তুলে ধরেন। পরে জামাতের ইমামতি ও খুতবা প্রদান করেন মুফতি মাওলানা আবূ সাঈদ। খুতবায় বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। একইসঙ্গে পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধি, বৈধতা প্রক্রিয়া সহজ করা এবং বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

আয়োজকরা জানান, পর্তুগালে বাংলাদেশি কমিউনিটি দিন দিন বড় ও শক্তিশালী হচ্ছে। ইউরোপের বুকে এত বড় ঈদের জামাত সফলভাবে আয়োজন করতে পারা তাদের জন্য গর্বের বিষয়। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করেছে বলেও তারা উল্লেখ করেন।

প্রবাসের ব্যস্ত ও যান্ত্রিক জীবনের মাঝেও এই বৃহৎ ঈদ জামাত অনেক প্রবাসীর মনে স্বস্তি এনে দিয়েছে। নামাজ শেষে অনেকেই জানান, প্রবাসের মাটিতে এত বড় জামাতে অংশ নিয়ে তাদের মনে হয়েছে যেন দেশের ঈদের আবহেই রয়েছেন। আয়োজকদের মতে, এই আয়োজন পর্তুগালে বাংলাদেশিদের শক্তিশালী অবস্থান, ধর্মীয় সম্প্রীতি ও সুশৃঙ্খল সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Scroll to Top