লিটন স্পিনের বিপরীতে অন্যতম সেরা খেলোয়াড় | চ্যানেল আই অনলাইন

লিটন স্পিনের বিপরীতে অন্যতম সেরা খেলোয়াড় | চ্যানেল আই অনলাইন

লম্বাসময় ধরে ওয়ানডেতে ফর্মে নেই লিটন কুমার দাস। তারপরও পাকিস্তান সিরিজে রাখা হয়েছে। মূলত মিডলঅর্ডারে শক্তি বাড়াতে রাখা। লিটন নিয়মিত টপঅর্ডারে খেললেও দলের স্বার্থে মিডলঅর্ডারে খেলতে খুশি মনে রাজি হয়েছেন। তাকে স্পিনের বিপরীতে অন্যতম সেরা বলছেন কোচ ফিল সিমন্স।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। খেলা সরাসরি দেখাবে আইস্ক্রিন এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন সিমন্স।

বেশকিছু সিরিজ থেকে মিডলঅর্ডারে ব্যর্থতা দেখছে বাংলাদেশ। দুর্বলতার কথা অকপটে স্বীকার করেছেন সিমন্স। বলেছেন, ‘মিডল ওভারে যতটা ভালো হতে চেয়েছিলাম ততটা হতে পারিনি। এইমাত্র বললাম যে, আমরা এই সময়টাতে কতটা রান নিচ্ছি, কতগুলো সিঙ্গেল বা বাউন্ডারি পাচ্ছি সেসব নিয়ে অনেকবেশি কাজ করব। ৫০ ওভারের ক্রিকেটে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ।’

মিডলঅর্ডারে ঘাটতি পূরণে লিটনকে নেয়ার কথা জানান সিমন্স। তার যুক্তি, ‘৫০ ওভার কিপিং করার পর এসে ওপেন করাটা খুবই কঠিন। লিটন স্পিন বোলিংয়ের বিপরীতে অন্যতম সেরা খেলোয়াড়। মিডলঅর্ডারে আমাদের সাহায্য করতে পারবে। যেমন বলেছি, মিডলঅর্ডার আমাদের জন্য ‘একিলিস হিল’ হয়ে দাঁড়িয়েছে। লিটনের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে আশা করি সেই ঘাটতি পূরণ করতে পারব।’

নিয়মিত উদ্বোধনীতে নামা লিটনকে মিডলে দলের প্রয়োজন হিসেবে দেখছেন সিমন্স। বললেন, ‘সে যেকোনো পজিশনে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আমার মনে হয় এখন সে নিজের খেলা নিয়ে অনেকবেশি নির্ভার এবং এটাকে দলের প্রয়োজনে অবদান রাখার একটা সুযোগ হিসেবে দেখছে।’

সিমন্স জানালেন ব্যাটিং পজিশনে পরিবর্তন বিষয়টি বোঝাতে হয়নি লিটনকে। বললেন, ‘আসলে লিটনকে কোনকিছু বোঝাতে হয়নি। আমরা শুধু তাকে বলেছি যে, দলের এই মুহূর্তে এটা প্রয়োজন এবং সে খুশি মনেই রাজি হয়েছে। লিটন দলের জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত থাকে। যখন অধিনায়ক থাকে তখনও যেমন, এখনও ঠিক তেমন। তাকে আলাদা করে রাজি করানোর প্রয়োজন পড়েনি।’

Scroll to Top